ছিনতাইকারীর কবলে পড়ে নিহত

রাজধানীর মুগদায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।  তারিনা বেগম লিপি নামের ওই নারীর বয়স ৩৮ বছর।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে মুগদা স্টেডিয়াম ইউনিক বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লিপি সিলেট সদর উপজেলার গোলাম কিবরিয়ার স্ত্রী। থাকতেন সিলেট। এ ব্যাপারে নিহতের আত্মীয় আদনান তাহের জানান, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি লিপি সপরিবারে তাদের সবুজবাগ দক্ষিণ রাজারবাগ এলাকার বাসায় বেড়াতে আসেন। শনিবার ভোরে সিলেট যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। বাসার সামনে থেকে কমলাপুর স্টেশনে যাওয়ার উদ্দেশে তাদের রিকশায় তুলে দেয়া হয়।

আদনান জানান, দুই রিকশা নিয়ে তারা যাচ্ছিলেন। এক রিকশায় ছিলেন লিপি ও তার বড় ছেলে শাহরিয়ার রিংকি (১৫)। অন্য রিকশায় গোলাম কিবরিয়া ও মেয়ে তামিসা বিনতে কিবরিয়া (৬)। তারা রিকশা নিয়ে মুগদা স্টেডিয়াম এলাকায় পৌঁছুলে দুই-তিনজন ছিনতাইকারী লিপির হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় ব্যাগসহ রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথা ফেটে যায় এবং অজ্ঞান হয়ে যান লিপি। মুগদা থানা পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *