০৭ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য ডাক পাওয়া ক্রিকেটারদের করোনা পরীক্ষা আজ। করোনায় নেগেটিভ ক্রিকেটাররা হোটেলে উঠবেন। ২০ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
রোববার সকালে ঢাকায় আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। ঢাকায় আসার পর পাঁচ দফা করোনা পরীক্ষা হবে তাদের।
ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করা হবে ১৭ জানুয়ারি। তার আগে ১৪ ও ১৬ জানুয়ারি নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। এরই মধ্যে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমরা ব্যক্তিগতভাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন।
এদিকে ক্রিকেটারদের ফর্ম নিয়ে চিন্তিত বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
তিনি বলেন, দীর্ঘদিন পর আমাদের ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট খেলবে। তাদের ফর্ম নিয়ে আমরা চিন্তিত। এতদিন পর মাঠে নেমে ভালো খেলা কঠিন।
আকরাম খান বলেন, ওয়েস্ট ইন্ডিজের মূল দলের সাথেও আমরা জিতেছি। তাই বলে ওদের দ্বিতীয় সারির দলের সাথেও যে জিতব, এমন কোনো কথা নেই। আমাদের ভালো খেলাটা জরুরি। সিরিজ ভালোভাবে শেষ করাও গুরুত্বপূর্ণ।
ক্রিকেট/এসকেএম















Leave a Reply