নওগাঁয় বাসচাপায় প্রাণ গেল দুইজনের

১৫ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, নওগাঁ): নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী একটি বাস চাপায় দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিংগা গ্রামের ৬০ বছর বয়সী আবদুস সাত্তার এবং একই উপজেলার সদর ইউনিয়নের বাংড়া গ্রামের ৪৫ বছর বয়সী খোরশেদ আলম সরদার।

প্রত্যক্ষদর্শী ও মান্দা থানার পুলিশ সূত্র জানায়, নিহত আবদুস সাত্তার ভ্যানে ফেরি করে গ্রামে গ্রামে ও বিভিন্ন হাটবাজারে ছিটকাপড় বিক্রি করতেন। তিনি আজ সকালে ভ্যানে কাপড় নিয়ে গ্রামে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। খোরশেদ আলম রাজশাহীর কেশরহাটে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হন। চৌদ্দমাইল মোড়ে রাজশাহী থেকে নওগাঁগামী দোলন পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস খোরশেদ আলমকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফেরিওয়ালা আবদুস সাত্তারকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন খোরশেদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, বাসের চাপায় নিহত দুজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই এর চালক ও সহকারী পালিয়ে যান।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *