আওয়ামী লীগের রাজনীতি জনগণের জন্য

১২ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগের রাজনীতি জনগণের জন্য অপরদিকে বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তি নিয়ে। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন আমাদের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে জনগণের কল্যাণ। তাই আমাদের কাছে রাজনীতি একটি ব্রত এবং সেই ব্রত হচ্ছে দেশ, মানুষ ও সমাজের সেবা করা। আওয়ামী লীগ নেতাকর্মীরা এটি অনুশীলন করে বলেই করোনা মহামারির মধ্যে সারাদেশে আমাদের পক্ষ থেকে কোটি কোটি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এখনও আমাদের নেতাকর্মীরা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত জনপ্রতিনিধিরা সমগ্র দেশে মানুষের পাশে দাঁড়িয়েছে ও শীতবস্ত্র বিতরণ করছে।

অন্যদিকে আরেকটি দল বিএনপির কাছে জনগণের সমস্যা কোনও সমস্যা নয় উল্লেখ করে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তাদের কাছে সমস্যা হলো খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি। আর তাদের কথা, খালেদা জিয়ার স্বাস্থ্য শুধু বিদেশে নিলেই ভালো হবে। অথচ এর আগেও তিনি দেশের ডাক্তারদের চিকিৎসাতেই ভালো হয়েছেন। এবারও তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। ‘কিন্তু আমরা দেখতে পেলাম, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ধুঁয়া তুলে বিভিন্ন জেলায় বিএনপি সমাবেশ করছে। আবার সেই সমাবেশে নিজেদের মধ্যে মারামারি করছে। আর সেই ভয়ে মানুষ দোকানপাট, ঘরবাড়ির দরজা-জানালা বন্ধ করে রাখছে। আজকে সকালেও চট্টগ্রামে বিএনপির সমাবেশে নেতাদের ঠেলাঠেলিতে মঞ্চটাই ভেঙে পড়ে গেছে’ বলেন ডক্টর হাছান।

তিনি বলেন, যে রাজনৈতিক দল নিজেদের সমাবেশের শৃঙ্খলা রাখতে পারে না তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে মানুষের দেশ ছেড়ে পালানোর উপক্রম হবে। দেশ আবার জঙ্গিদের অভয়ারণ্য হবে। সুতরাং তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *