আধুনিক প্রযুক্তির অপব্যবহার করলে আইনি ব্যবস্থা

নিউজ ডেস্ক: আধুনিক প্রযুক্তির অপব্যবহার করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কোনোভাবেই আধুনিক প্রযুক্তির অপব্যবহার করা যাবে না। যারা অপব্যবহার করবেন, তাদের আইনের মুখোমুখি হতেই হবে।

শনিবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা কেউ ভুয়া নিউজ দেবেন না, উদ্দেশ্যমূলক কোনও প্রচারণা আপনারা করবেন না। অসত্য নিউজ কেউ ফেসবুকে প্রচার করবেন না। আপনাদের বিবেকে যেটা বলে সেটাই আপনারা চর্চা করবেন। তা না হলে আপনার স্বপ্ন, আমার স্বপ্ন, সবই আঁধারে ডুবে যাবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা কোনও ষড়যন্ত্রে বিশ্বাসী না। আমরা কোনও পেশিশক্তি ও বন্দুকের নলে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি। জনগণ আমাদের সাতে আছে। কে, কী বলল এগুলো কোনও কাজ হবে না। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।

আসাদুজ্জামান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি কুলাঙ্গারদের একজন রয়েছে এই চান্দিনার সন্তান। আমরা তাকে ধরার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। যেখানেই থাকুক তাকে বিচারের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকেই হেসেছিলেন। আজ তার সুফল আমরা পাচ্ছি। আমরা ডিজিটালাইজড হয়েছি বলেই সারা পৃথিবীতে একটা অবস্থান নিয়েছি।

সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ রুহুল আমিন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন কুমার বক্সী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিটন সরকার ও দেবিদ্বার পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কাসেম।

স্বরাষ্ট্রমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *