আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রাশিয়ার সাথে যুক্ত করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্টের ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সাথে যুক্ত হলো চারটি অঞ্চল। তবে জাতিসংঘ, পশ্চিমা বিশ্বের দেশগুলো আগেই জানিয়েছিল তারা কখনও এ গণভোটের ফলাফলের স্বীকৃতি দেবে না।
মস্কোতে শুক্রবার একটি অনুষ্ঠানে পুতিন বলেন, রাশিয়ার সাথে যুক্ত হলো নতুন চারটি অঞ্চল। এসব অঞ্চলের মানুষ রাশিয়ায় যোগ দিতে তাদের সিদ্ধান্ত দিয়েছেন।
তিনি আরও বলেছেন, আমি নিশ্চিত ফেডারেল অ্যাসেম্বলটি এটির অনুমোদন দেবে। কারণ এগুলো কয়েক লাখ মানুষের ইচ্ছা।
পুতিন বলেন, এগুলো হলো সেই অঞ্চল যেগুলোর জন্য আগে অনেক রাশিয়ান জীবন দিয়েছে।
তিনি দাবি করেছেন, এসব অঞ্চলের মানুষ কিয়েভের সরকারের অমানবিকতার স্বীকার হয়েছে এবং এখানে তারা গণহত্যা চালিয়েছে।
এদিকে গত ২৩-২৭ সেপ্টেম্বর রাশিয়ার সাথে যুক্ত হওয়ার প্রশ্নে এ চারটি অঞ্চলে গণভোট হয়। গণভোটের সময় শেষ হওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, প্রায় শতভাগ মানুষ রাশিয়ার সাথে যুক্ত হতে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।
রাশিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply