৭ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরগুলো থেকে আরও চারটি খাদ্যপণ্যবাহী জাহাজ ছেড়েছে।
রোববার জাহাজগুলো বন্দর ছাড়ার অনুমতি পায় বলে জানিয়েছে জয়েন্ট কো–অর্ডিনেশন সেন্টার (জেসিসি)। খবর রয়টার্স।
ইউক্রেন ও তুরস্কের কর্মকর্তারা জানান, ইউক্রেনের সমুদ্রবন্দরগুলো থেকে খাদ্যশস্যবাহী জাহাজ চলাচলের চুক্তির অধীন আজ চারটি জাহাজ ছেড়ে গেছে।
ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ ফেসবুকে জানিয়েছে, ইউক্রেন থেকে ৪টি জাহাজ ১ লাখ ৭০ হাজার টন শস্য ও অন্য খাদ্যসামগ্রী নিয়ে বন্দর ছেড়েছে।
গত মাসে জাতিসংঘ ও তুরস্কের সহায়তায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে খাদ্যসামগ্রীবাহী জাহাজ চলাচল নিয়ে চুক্তি স্বাক্ষর হয়। ইস্তাম্বুলে রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘের কর্মকর্তা জেসিসি নামের সমন্বয় কেন্দ্র তৈরি করে ইউক্রেনে যাতায়াতকারী জাহাজ পর্যবেক্ষণ করছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে দুই দেশ মিলে বিশ্বের মোট গম রপ্তানির এক–তৃতীয়াংশ রপ্তানি করত। শনিবার রাতে জেসিসি জানায়, কৃষ্ণসাগরের করিডর দিয়ে মোট পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
এর মধ্যে চারটি জাহাজ চরনোমোরস্ক ও ওদেসা বন্দর থেকে ১ লাখ ৬১ হাজার ৮৪ টন খাদ্যশস্য নিয়ে ছেড়ে যাবে। অন্যদিকে একটি জাহাজ ইউক্রেনে প্রবেশ করবে।
ইউক্রেন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply