ইরান ও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে

০৯ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান ও উত্তর কোরিয়া ২০২০ সালে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালিয়ে গেছে।

সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর: বিবিসি ও রয়টার্সের।

বার্ষিক ওই প্রতিবেদনটি জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি স্বতন্ত্র প্যানেলের সদস্যরা তৈরি করেছেন। এটি সোমবার নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়েছে। তবে উত্তর কোরিয়ার সাথে ক্ষেপণাস্ত্র কার্যক্রম পরিচালনার কথা অস্বীকার করেছে তেহরান। প্রতিবেদনে এ তথ্যও উল্লেখ করা হয়েছে।

অজ্ঞাত এক সদস্য রাষ্ট্রের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, এ দুইটি দেশ দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পে পুনরায় সহযেগিতার কাজ শুরু করেছে। এতে গুরুত্বপূর্ণ পার্টস হস্তান্তরের বিষয়টিও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি অব্যাহত রেখেছে, যা জাতিসংঘ প্রস্তাবের লংঘন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অন্য সহযোগীদের সাথে আলোচনা করে শিগগিরই পদক্ষেপ নেবে জো বাইডেনের প্রশাসন।

২০১৮ ও ২০১৯ সালে তিনবার পরমাণু কর্মসূচি নিয়ে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে আলোচনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু শেষ পর্যন্ত এসব আলোচনায় দেশ দুটির সম্পর্কের কোনও উন্নয়ন হয়নি। উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসেনি।

জাতিসংঘ/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *