উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

০৩  জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তীরথ সিংহ রাওয়াত। সাংবিধানিক সংকট এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার চার মাসের মধ্যেই শুক্রবার এ পদ থেকে ইস্তফা দেন তিনি। খবর: হিন্দুস্তান টাইমস।

পদত্যাগের পর তীরথ বলেছেন, করোনার কারণে এখন উপ-নির্বাচন সম্ভব নয়। সাংবিধানিক সঙ্কট হতে পারে, সে কথা মাথায় রেখে নৈতিক কারণে ইস্তফা দিয়েছি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নৈতিকতার কথা বললেও সূত্রের মতে, তীরথকে সরানোর কারণ আলাদা। দলের অভ্যন্তরীণ বিবাদ থামাতে তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। তাতে তিনি ব্যর্থ হয়েছেন। তাই ভোটের আগে তাকে সরানোর কথা ভাবছিল দল।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীত্ব নিয়ে জল্পনার মধ্যে শুক্রবার রাতের দিকে রাজভবনে যান তীরথ। সেখানে রাজ্যপাল বেবি রানি মৌর্যের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন তিনি। গত ১০ মার্চ ত্রিবেন্দ্র সিং রাওয়াতের পরিবর্তে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন তীরথ।

ভারত/এসকেএম