ওয়েব কন্টেইন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

অবৈধ অনৈতিক ওয়েব কনটেন্টের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সম্প্রতি ‘কিছু ওয়েবসিরিজের আপত্তিকর দৃশ্যাবলী’ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিষয়ক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও তথ্য সচিব কামরুন নাহার এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী ওয়েবসিরিজ নিয়ে এ ধরণের গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কোনভাবেই এ ধরণের আপত্তিকর বা পর্নোগ্রাফির মতো কোনো কনটেন্ট আপলোড করা সমীচীন নয়। তিনি বলেন, ভিডিও পর্নোগ্রাফি আইন ২০১২ অনুযায়ী যারা এগুলো করেন তাদের গ্রেপ্তার করা যাবে এবং সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদন্ড।

গণমাধ্যমে প্রকাশিত হওয়ার আগেও বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে এবং গ্রামীণ ও রবি দু’টি মোবাইল কোম্পানির দুইটি সাবসিডিয়ারি কোম্পানীর মাধ্যমে আপলোড করা এ ধরণের যে কনটেন্টগুলোর ব্যাপারে অভিযোগ এসেছে, তা আমরা বাংলাদেশ টেলিকমিউনিকেশান রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-কে জানানো হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *