কর্মসংস্থান উপযোগি মানবসম্পদ তৈরিতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে

নিউজ ডেস্ক: দেশে শিল্প ও কর্মসংস্থান উপযোগি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার কাজ চলছে। যেখানে দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব পাবে। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘শিল্প-শিক্ষা খাতের সমন্বয়: পরিবর্তশীল বৈশ্বিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। রাজধানীর মতিঝিল ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ। এতে স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ সামীর সাত্তার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সায়েমা হক বিদিশা।

ডাক্তার দীপু মনি সময়োপযোগি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয় সমূহে ‘একাডেমিক মাষ্টার প্ল্যান’ তৈরির আহ্বান জানান।

মন্ত্রী বলেন, দেশে জনবল তৈরির লক্ষ্যে ইকো-সিস্টেম প্রণয়ন করতে হবে, যাতে করে ম্যাপিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়ন সম্ভব হয়।

তিনি বলেন, শিক্ষা ও শিল্পখাতের সমন্বয় নিয়ে দীর্ঘদিন যাবত আলোচনা হচ্ছে, এখন সময় এসেছে সেটাকে বাস্তবে রূপ দেয়ার এবং এজন্য সরকারি-বেসরকারি উদ্যোগ জরুরী।

মন্ত্রী বলেন, সরকার দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বেশকিছু হাই-টেক আইটি পার্ক নির্মাণ করছে। তবে কাঙ্খিত বিনিয়োগ বৃদ্ধিতে স্থানীয়ভাবে দক্ষ মানবম্পদের কোন বিকল্প নেই এবং এ জন্য সমন্বিত উদ্যোগ ও বাস্তবয়ন জরুরী। তিনি বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা কার্যক্রম বৃদ্ধিতে এগুলোর বাণিজ্যিকীকরণে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র পরিচালক প্রফেসর মোহাম্মদ আব্দুল মোমেন, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আবাসিক প্রতিনিধি টমো পুটিনেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডি’র সদস্য সাফকাত হায়দার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ অন্যরা। আলোচনায় অংশ নেন।

শিক্ষামন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *