১৯ জুন ২০২২ (নিউজ ডেস্ক): বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে কৃষিবিদদের নানা উদ্ভাবন ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে শুধু পৃথিবীকে নয়, বিশ্ব খাদ্য সংস্থাকেও অবাক করে দিয়ে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেন, এই নিরাপত্তা অক্ষুন্ন রাখতে দেশে কৃষিজমি রক্ষা একান্ত প্রয়োজন।
রোববার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তায় কৃষি ও গণমাধ্যম’ সেমিনারে সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রতি বছর দেশে এক শতাংশ কৃষি জমি কমে যায়। এভাবে প্রতি বছর যদি দুই লাখ একর কৃষি জমি হারিয়ে যায়, তাহলে শেষ নাগাদ এই দেশে আর কৃষি জমি থাকবে না। ২০ বছর পর বাংলাদেশে লোকসংখ্যা আরও ৪ কোটি বৃদ্ধি পাবে। আর ৪০ লাখ একর কৃষি জমি কমে যাবে। তখন বর্ধিত জনসংখ্যার খাদ্য নিরাপত্তার কি হবে? সেজন্য জনসচেতনতা যেমন দরকার, একইসাথে যারা এই ক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালন করছেন- তাদের এ বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
ডক্টর হাছান বলেন, আমার কাছে যখন চট্টগ্রামের কোনও রাস্তা আরও প্রশস্ত করার প্রস্তাব আসে, তখন আমি সেখানে যে অনেক কৃষি জমি নষ্ট হবে বিষয়গুলো বিবেচনায় নিয়ে সত্যিকার অর্থে রাস্তা প্রশস্তকরার প্রয়োজন নির্ধারণ করতে বলি। একইসাথে এখন কৃষি শ্রমিকের যে মজুরি, তা দিয়ে কৃষিতে খুব বেশি লাভ থাকে না বলে অনেক জমি অনাবাদি পড়ে থাকে। কৃষিকে পূর্ণ যান্ত্রিকীকরণের মাধ্যমে অনাবাদি জমিতে আবাদ করা গেলে, খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে।
তিনি বলেন, পৃথিবীতে আয়তনের দিক দিয়ে ৯২তম বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং মাথাপিছু সর্বনিম্ন কৃষিজমির দেশ। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের অভিঘাত এ দেশের নিত্যসঙ্গী। এ সমস্ত কারণে এ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা স্বাভাবিকভাবেই একটি বড় চ্যালেঞ্জ। তারপরও আমরা ধান ও মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম।
কৃষি সচিব মোহাম্মদ সায়েদুল ইসলামের সভাপতিত্বে কৃষি তথ্য সার্ভিস আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply