খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর মহানুভবতা নজিরবিহীন

১৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): আদালতে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন, বেগম জিয়া কি তা পারতেন? প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ে ৫৬তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া সেই ব্যক্তি যার আমলে তার পুত্রের পরিচালনায় একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। এরপর তিনি সংসদে দাঁড়িয়ে হাস্যরস করে বলেছিলেন যে, আমাদের নেত্রী না কি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন।

ডক্টর হাছান বলেন, বেগম খালেদা জিয়া সেই ব্যক্তি, যার দুয়ারে প্রধানমন্ত্রী গিয়ে ২০-২৫ মিনিট দাঁড়িয়ে ছিলেন। তার পুত্রের মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য কিন্তু তিনি দরজা খোলেননি। বেগম জিয়া সেই ব্যক্তি যাকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০১৪ সালে নির্বাচনের আগে দাওয়াত দিয়েছিলেন। আর তিনি অশোভন আচরণ করে সেদিন তা প্রত্যাখ্যান করেছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়া সেই মানুষ যিনি ১৫ আগস্টের হত্যাকারিদেরকে উৎসাহ দেয়ার জন্য নিজের জন্মের তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কাটেন। ভুয়া-মিথ্যা জন্মদিন পালন করেন। তিনি আদালতে খালাস পাননি, জামিন পাননি। এরপরও বেগম জিয়াকে কারাগারের বাইরে রাখা হয়েছে। তিনি যখন কারাগারে ছিলেন, তার সাথে তার পছন্দের গৃহপরিচারিকাকে থাকতে দেয়া হয়েছিল। যেটি উপমহাদেশের ইতিহাসে নজিরবিহীন। তার প্রতি যে মহানুভবতা প্রধানমন্ত্রী দেখিয়েছেন, আমি ব্যক্তি হিসেবে কখনও সেটি দেখাতে পারতাম না। অন্য কেউ পারতো না। বেগম খালেদা জিয়া পারতেন কি না সেই প্রশ্নটা করেন।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *