১৬ ফেব্রুয়ারী ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীতে খালের সীমানা নির্ধারণের পর সীমানার ভেতরে থাকা সব প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার রাজধানীর কল্যাণপুর রিটেনশন পন্ড এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে থাকা ২৯টি খাল ও একটি রেগুলেটরি পন্ডের সীমানা নির্ধারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তাজুল ইসলাম বলেন, ঢাকা ওয়াসা কাছ থেকে খালগুলো হস্তান্তর করার পর থেকেই ঢাকার দুই সিটি কর্পোরেশন মেয়র সেগুলো দখলমুক্ত এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ শুরু করেন। যা অত্যন্ত প্রশংসনীয় হিসেবে সর্বমহলে বিবেচিত হয়েছে। এই উচ্ছেদ অভিযান কাজ চলমান রয়েছে এবং ইতোমধ্যে অনেক খাল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, একটি বাসযোগ্য ও দৃষ্টিনন্দন শহর হিসেবে রাজধানী গড়তে সরকারের নির্দেশনায় উভয় সিটি কর্পোরেশন মেয়র নিরলসভাবে এই চ্যালেঞ্জিং কাজ করছেন।
স্থানীয় সরকার মন্ত্রী জানান, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুরের এই স্থানে সরকার ১৭৩ একর জায়গা ওয়াটার রিটেনশন পন্ড নির্মাণ করার জন্য অধিগ্রহণ করেছে। কিন্তু তিন একর ছাড়া বাকি জমি হয় বেদখল হয়েছে না হয় বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। সীমানা নির্ধারণ করার পর অধিগ্রহণ করা জমির ভেতর থাকা সব স্থাপনা উদ্ধার করে পানির প্রবাহ ঠিক করা হবে।
তিনি বলেন, সব জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে চ্যালেঞ্জিং এই কাজটি করতে হবে। ইতোমধ্যে রামচন্দ্রপুরসহ অনেকগুলো খাল দখলমুক্ত করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় জনপ্রতিনিধিরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। সাধারণ মানুষ পাশে থাকলে যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব।
তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের উন্নয়নে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। তাদের সার্বিক সহযোগিতায় দেশ অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে । বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মানুষের আস্থা এবং প্রত্যাশা অনেক বেশি। প্রকল্পের কাজ সম্পন্ন করতে তাদের কাছে দায়িত্ব দেয়া হয়েছে। আমি আশা করি, তারা সফলতার সাথে এটি সুসম্পন্ন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
তাজুল ইসলাম/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply