গণ্ডগোলের পরিকল্পনা করে কর্মসূচি সাজিয়েছে বিএনপি

১ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): বিএনপি সারাদেশে গণ্ডগোল করার পরিকল্পনা করেই নানা কর্মসূচি সাজিয়েছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি সারাদেশে গণ্ডগোল করার পরিকল্পনা করেই নানা কর্মসূচি সাজিয়েছে। সে কারণে তারা সারাদেশে পুলিশ, পথচারী, মানুষের সম্পত্তির ওপর হামলা পরিচালনা করছে। অর্থাৎ দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য তারা ২০১৩-১৪-১৫ সালে যে কাজগুলো করেছিল সেটির নতুন সংস্করণ শুরু করেছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ পুলিশের সাথে আলাপ করেছি। সেখানে পুলিশ বা জেলা প্রশাসন কিংবা সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করেছিল। রাস্তা বন্ধ না করে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য পুলিশ তাদের অনুরোধ জানায়। সেটি না শুনে তারা রাস্তা বন্ধ করে দেয় এবং ইট-পাটকেল ও পাশের রেললাইনের পাথর পুলিশের ওপর নিক্ষেপ করে হামলা পরিচালনা করে। সেখানে থাকা পুলিশ বক্স ভাংচুর করে। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার গ্যাস ছুঁড়েছে এবং লাঠিচার্জ করেছে। সেখানে যিনি মারা গেছেন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঐ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ভাতিজা। তার পূর্ণ পরিচয় তদন্তাধীন।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৩-১৪-১৫ সালে বিএনপি কি করেছে? মানুষ মারার রাজনীতি করেছে, মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করেছে। পৃথিবীর অনেক জায়গায় নানা ধরণের গণ্ডগোল, জাতিগত সংঘাত, সহিংসতা হচ্ছে বা হয়েছে। কিন্তু রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য একটি রাজনৈতিক দল সাধারণ মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করে পুড়িয়ে মারার ঘটনা গত তিন-চার দশকে পৃথিবীর কোথাও ঘটেনি যেটি বিএনপি বাংলাদেশে করেছে। তারা এ ধরণের গণ্ডগোল করে সারাদেশে আরও লাশ সৃষ্টি করতে চায়।

এর আগে জ্বালানি তেলের মূল্য নিয়ে সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিশ্ববাজারে তেলের আগে যা দাম ছিল এখন তার চেয়ে বেড়েছে। এ সত্ত্বেও প্রধানমন্ত্রী জনগণের কথা চিন্তা করে বিভিন্ন ধরণের তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমিয়েছেন। তার প্রেক্ষিতে বাস ভাড়াও কিছুটা কমেছে।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *