চালের পুষ্টির অপচয়রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নিউজ ডেস্ক: এক শ্রেণির ব্যবসায়ী চাল ছেটে পোলিশের মাধ্যমে চকচকে করে বাজারজাত করে। এতে চালের পুষ্টি অপচয় হয়। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেন, পোলিশ করা চাল খাবো না’ এ আন্দোলন গড়ে তুলতে নিউট্রিশন ক্লাবের সদস্যদের এগিয়ে আসতে হবে।

শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে ‘আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, গবেষণা প্রতিবেদন অনুযায়ী প্রতি ১০০ মেট্রিকটন পোলিশ করলে ৫ মেট্রিকটন চাল অপচয় হয়-যার পুরোটাই চালের পুষ্টির অংশ। চকচকে চালে পুষ্টি থাকেনা।

তিনি বলেন, যে চাল খেয়ে জীবনধারণ করতে হয়, তাতে পুষ্টি না থাকলে জনগণ অপুষ্টিতে ভুগবে। এটা হবে আমাদের জন্য পীড়াদায়ক।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য মন্ত্রণালয় দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রতিটি জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম চলমান আছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে পুষ্টি সচেতনতা বৃদ্ধির কাজে সম্পৃক্ত করা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শহিদুর রশিদ চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুস সাত্তার মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর নাজমা শাহীন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশন’র (গেইন) কান্ট্রি ডিরেক্টর ডাক্তার রুদাবা খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন এফপিএমইউ’র মহাপরিচালক মোহাম্মদ শহীদুজ্জামান ফারুকী।

অনুষ্ঠানে বক্তরা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে কৃষির উৎপাদন কমছে, জমির পরিমান কমছে কিন্তু মানুষ বাড়ছে। আর এতে খাদ্য ও পুষ্টি হুমকির মুখে পড়ছে। এ অবস্থার পরিবর্তনে কৃষির ট্রান্সফরমেশন প্রয়োজন। শুধু উদরপূর্তি না করে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণে সচেতন হওয়ার জন্যও মন্ত্রী ভোক্তাদেও প্রতি আহ্বান জানান।

পরে মন্ত্রী ২ দিনব্যাপী আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

খাদ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *