জঙ্গি হামলায় ব্যাপক প্রাণহানি

০৫ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, নাইজেরিয়া): নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বর্নো রাজ্যে জিহাদিদের দুইটি হামলায় ৩৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচ সৈন্য ও ১৫ মিলিশিয়ামেন রয়েছে।

মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

ইসলামিক স্টেট অনুপ্রাণিত জিহাদিরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন সেনা শিবিরে ব্যাপক হামলা চালায়। দেশটিতে এক দশক ধরে চালানো বিভিন্ন জঙ্গি হামলায় প্রায় ৩৬ হাজার মানুষ নিহত হয়েছে। এবং ২০ লাখেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে।

ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা সোমবার রাতে মেশিনগান সজ্জিত বিভিন্ন ট্রাকে করে এসে আজিরি শহরে ভয়াবহ হামলা চালায়।

সামরিক সূত্র জানায়, জিহাদিরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালে সেখানে ব্যাপক যুদ্ধ হয়। এতে পাঁচ সৈন্য এবং জিহাদি বিরোধী ১৫ মিলিশিয়া নিহত হয়।

সামরিক সূত্র আরও জানায়, আইএসডব্লিউএপি একই সামরিক ঘাঁটিতে রোববার চালানও হামলায় ওই ঘাঁটির সামরিক কমান্ডারের পাশাপাশি ছয় বেসামরিক নাগরিক নিহত হয়। এ সময় জিহাদিরা বিভিন্ন অস্ত্র লুট করে নিয়ে যায়।

সামরিক বাহিনীর এক কর্মকর্তা এএফপি’কে বলেন, আমরা এ যুদ্ধে পাঁচ সৈন্য ও ১৫ মিলিশিয়া যোদ্ধাকে হারিয়েছি।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘স্থানীয় সময় রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে বহু সংখ্যক সন্ত্রাসী বিভিন্ন গাড়িতে করে আসে। এবং সৈন্যদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। সেখানে কয়েক ঘণ্টা ধরে এ যুদ্ধ চলে।’

স্থানীয় বাসিন্দারা এ যুদ্ধের কবল থেকে বাঁচতে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী মফা এলাকায় আশ্রয় নেয়।

এদিকে মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা জানান, ক্যামেরন সীমান্তের কাছের রন শহরের উপকণ্ঠে মঙ্গলবার পৃথক এক ঘটনায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত। এবং সাতজন আহত হয়েছে। সেখানে স্থলমাইনের বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় তারা ওই পথ দিয়ে গাড়িতে করে যাচ্ছিল।

জঙ্গি হামলা/এসকেএম