২৩ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ভারতের মহারাষ্ট্রে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়াও বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যায় হাজারও মানুষ আটকা পড়েছেন।
বৃহস্পতিবার মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরের রায়গড়ে অন্তত তিনটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়।
ভারত সরকারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ভূমিধসের কারণে এখনও ৩৫ থেকে ৪০ জন আটকা পড়ে আছেন। উদ্ধারকারী দল আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছে। এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকাজ চালাতে ইতিমধ্যে হেলিকপ্টার নামিয়েছে মহারাষ্ট্র সরকার।
এর আগে ভারী বর্ষণের কারণে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইসহ রাজ্যের একাধিক জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়। ভারতীয় আবহাওয়া বিভাগ এই রেড অ্যালার্ট জারি করে।
গত বুধবার সকাল থেকেই মুম্বাই, থানে, পালঘর, রায়গড় জেলায় মুষলধারে বৃষ্টি হয়। রাতের দিকে হয় বৃষ্টিসহ বজ্রপাত। এ অবস্থায় ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
ভূমিধস/এসকেএম















