ডিসেম্বরের মধ্যে চালু হবে টঙ্গী-জয়দেবপুর দ্বিতীয় রেল লাইন

৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চালু হবে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত নির্মাণাধীন ডুয়েল গেজ ডাবল রেল লাইন। এমনটাই জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার ঢাকা টঙ্গী সেকশনের তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি একথা বলেন।

দীর্ঘদিন ধরে বন্ধ স্টেশন চালু সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ৪৭ হাজার ৬০০ জনের একটি জনবল কাঠামো অনুমোদিত হয়েছে এবং আমরা নিয়োগ কার্যক্রম শুরু করেছি।

তিনি বলেন, গত ৬ আগস্ট সহকারী স্টেশন মাস্টারের পরীক্ষা নেয়া হয়েছে । দ্রুত সময়ের মধ্যে লোকবল নিয়োগ দিলে স্টেশনসমূহ চালু করা সম্ভব হবে।

লেভেল ক্রসিং গেটে দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, ট্রেনকে নিরাপত্তা দেয়ার জন্যই লেভেল ক্রসিংয়ে লোক নিয়োগ দিয়ে থাকি। কিন্তু বিভিন্ন সংস্থা তারা তাদের মত করে রেললাইনের উপর রাস্তা তৈরি করছে। এক্ষেত্রে তাদেরকেই নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।

সম্প্রতি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, এখনও কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ভাড়া বাড়ানোর বিষয়ে প্রাথমিক চিন্তা করা হচ্ছে। কারণ বিভিন্ন পরিবহন সংস্থা যেভাবে ভাড়া বাড়িয়েছে আমাদেরকেও সে বাস্তবতা অনুযায়ী সমন্বয় সাধন করা দরকার।

পরিদর্শনের সময় বাংলাদেশে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক অবকাঠামো মোহাম্মদ কামরুল আহসান, প্রকল্প পরিচালক নাজনীন আরা কেয়াসহ বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ