তথ্যমন্ত্রীর কাছে অ্যাটকোর দাবি…

২০ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদের কাছে স্মারকপত্র দিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন ভার্সনে ভিডিও সংবাদ প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার বিধান করা এবং আইপিটিভিতে সংবাদ প্রচার এবং ইউটিউবের মাধ্যমে পত্রিকার সংবাদ প্রচার বন্ধ করা।

বৃহস্পতিবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্যমন্ত্রী অ্যাটকোর দাবি সম্পর্কে বলেন, সম্প্রচার নীতিমালা অনুযায়ী কোনো আইপি টিভি সংবাদ প্রচার করতে পারে না। এছাড়া, ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা থেকে সংবাদ প্রচার করা হচ্ছে এগুলো সম্প্রচার নীতিমালার পরিপন্থী।

মন্ত্রী বলেন, অ্যাটকোর আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। একইসাথে যে সব সংবাদপত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে সংবাদ প্রচার করছে তাদের সেটার কোনো অনুমতি নেই। অনুমোদনহীন কিছু করা বেআইনী। আমরা সে ব্যাপারেও কার্যকর ব্যবস্থা নিব।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে। সে কারণেই তার হাত ধরে দেশে বেসরকারি টিভি চ্যানেলের যাত্রা শুরু এবং বর্তমানে ৪৫টি টিভি লাইসেন্স পেয়েছে। দৈনিক পত্রিকা সাড়ে চারশ’ থেকে ১৩ বছরে বেড়ে হয়েছে সাড়ে বারোশ’, অনলাইন নিউজপোর্টাল কত হাজার তা পরীক্ষা-নিরীক্ষার বিষয়।

আরও পড়ুন: গুজব ও অপপ্রচার বন্ধে ডিসিদের তৎপর হওয়ার আহ্বান

অ্যাসোসিয়েশন অভ টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-র পক্ষে ডক্টর হাছান মাহমুদের সাথে বৈঠক করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, পরিচালক এটিএন চেয়ারম্যান মাহফুজুর রহমান, বাংলাভিশনের আব্দুল হক, দীপ্ত টিভি’র কাজী জাহিদুল হাসান, সময় টিভি’র আহমেদ যোবায়ের, ডিবিসি নিউজের এম মঞ্জুরুল ইসলাম, নাগরিক টিভি’র নাভিদুল হক।

তথ্যমন্ত্রী-অ্যাটকো/কিউটি/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *