২০ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধে ডিসিদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ডিসিদের ‘মাঠ পর্যায়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নকারী মাঠ প্রশাসনের প্রাণ’ হিসেবে বর্ণনা করেন হাছান মাহমুদ। বলেন, দেশে সাড়ে আট থেকে নয় কোটির কাছাকাছি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার এবং অপপ্রচার, গুজব রটানোর বড় ক্ষেত্র। গত ৭-৮ বছর উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সব গুজব রটানো, অনভিপ্রেত ঘটনা এবং স্থানীয়ভাবে ও সারাদেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা হয়েছে, প্রায় সবগুলোই এই মাধ্যমে করা হয়েছে। ডিসিদের কাছে সে বিষয়টি তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: একদিনে শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো
মন্ত্রী বলেন, গতবছরের পয়লা অক্টোবর থেকে বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার ক্লিনফিড বাস্তবায়নে যেভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সেজন্য ডিসিদের ধন্যবাদ জানিয়েছি। কেবল নেটওয়ার্ক যারা পরিচালনা করে তারা যেন কোনভাবেই স্থানীয়ভাবে টেলিভিশন চ্যানেল হিসেবে অনুষ্ঠান কিংবা বিজ্ঞাপন প্রচার না করে সেটি এবং পত্রিকা প্রকাশের ক্ষেত্রেও আইনের বিধিবিধান অনুসরণ নিশ্চিত করতে বলেছি।
তথ্যমন্ত্রী/টিটি/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














