দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেবে সরকার

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য যাতে কেউ অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

রোববার রাজধানীর নিজ সরকারী বাসভবন থেকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সব ধর্মের লোক শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে।

তিনি নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার কথা উল্লেখ করে তিনি বলেন, এই এলাকায় কখনোই শারদীয় দুর্গাপূজা উদযাপন বিঘ্নিত হয়নি। এবারও যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন হয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর এবং বড়লেখা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনসহ অন্যরা।

সভায় সভাপতিত্ব করেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার।

শাহাব উদ্দিন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *