২১ জুন ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। তিনি বলেন, এটি আমাদের দলের একটি কালচার, একটা রীতি, কারণ রাজনীতিতো দেশ ও মানুষ সেবার জন্যই। আমরা যখন ক্ষমতায় ছিলাম না তখনও আমরা মানুষের পাশে ছিলাম।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোণায় বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শন শেষে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
ডক্টর হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী মানবতার মা। তিনি ছুটে গেছেন, সেখানে ত্রাণ তৎপরতায় রত প্রশাসন ও আমাদের দলীয় নেতাদেরকে উৎসাহ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। স্বস্তির কথা হচ্ছে, আজ সেখানে কোনও বৃষ্টি হয়নি। আগের তুলনায় বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কোনও কোনও জায়গায় ৪-৫ ফুট পানি নেমে গেছে। প্রধানমন্ত্রী সিলেটের প্রধান নদীগুলো ড্রেজিং করার নির্দেশনা দিয়েছেন। কারণ পলি জমার কারণে নদীর নাব্যতা কমে গেছে।
তিনি বলেন, ১৬ তারিখে সিলেটে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর সেদিন সকালেই প্রধানমন্ত্রী সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছেন। সিভিল প্রশাসন, সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়েছেন। একইসাথে আমাদের দলের নেতাকর্মীকে ঝাঁপিয়ে পড়ার আদেশ দিয়েছেন। আজকে আমরা গিয়ে সরেজমিনে দেখলাম এবং স্থানীয়রা তাদের অভিব্যক্তিতে জানালেন যে, প্রশাসনের কর্মকর্তাদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।
সেনাবাহিনীর জিওসি বলেছেন যে, বন্যার মধ্যে জায়গা চেনা যাচ্ছে না। কারণ হাওড়ের মধ্যে কোথায় রাস্তা ছিলো সব মিলিয়ে গেছে, এমনকি দ্বীপ পর্যন্ত চিহ্নিত করা যায় না। স্থানীয় জনপ্রতিনিধিরা এবং আমাদের নেতাকর্মীরা তাদেরকে গাইড করেছে। সুনামগঞ্জের ডিসি, এডিসি একটি নৌকা ঠেলে এক প্রসূতি মা, তার স্বামী আর একজন মহিলাকে ডিসির অফিসে এনেছেন। সেখানে সন্তানের জন্ম হয়েছে। প্রধানমন্ত্রী তার নাম রেখেছেন প্লাবন।
তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply