নিউজ ডেস্ক: পূজায় হিন্দুরা পূজা আর্চণা করলেও আনন্দ উৎসবে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।
মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর মজুমদার বাড়ি বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।
দেশের মানুষ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে উল্লেখ করে তিনি বলেন, করোনাকালে গত তিন বছর জাঁকজমকভাবে পূজা উদযাপন সম্ভব হয়নি। তবে এবছর দর্শনার্থী বেড়েছে। দূর দূরান্ত থেকে তারা পূজা দেখতে আসছে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
খাদ্যমন্ত্রী স্থানীয় পূজা উদযাপনের ঐতিহ্য উল্লেখ করে বলেন, এই অঞ্চলে হিন্দু মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। সম্প্রীতির দিকটি এখানে শক্তিশালী। শিবপুরে পাশাপাশি স্থানে আমি প্রথমে মসজিদ ও পরে মন্দির নির্মাণ করেছি। যাতে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বীরা তাদের নিজ নিজ ধর্মাচার পালন করতে পারে। এ দেশে ধর্মীয় সম্প্রীতির অভাব নেই। ভবিষ্যতে এ সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এদেশে ৯৯ শতাংশ মানুষ অসাম্প্রদায়িক। মাত্র ১ শতাংশ মানুষ সাম্প্রদায়িক যারা মাঝে মাঝে ঝামেলা করে। এ কারণে অসাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির জায়গায় সাম্প্রদায়িক রাজনীতি চলে আসবে এটা আমি মনে করিনা।
শিবপুর মজুদার বাড়ি বারোয়ারি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply