২৬ এপ্রিল ২০২২ (বিনোদন ডেস্ক): পুত্রসন্তানের বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার বেলা আনুমানিক তিনটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী পুত্রসন্তান জন্ম দিয়েছেন। এ সময় সিয়ামসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম নিজেই। উচ্ছ্বাস নিয়ে বলেন, আমি বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। এর চাইতে আর ভালো লাগা কী হতে পারে। দুই পরিবারের সবাই খুশি আমরা।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর এই নায়ক তার জীবনের একটি সুখবর ভক্তদের সাথে ভাগাভাগি করেছিলেন। সেই সময় তিনি ফেসবুকের পোস্টে জানিয়েছিলেন, তার পরিবারের সদস্য বাড়ছে। তিনি বাবা হতে যাচ্ছেন। ফেসবুকে সুখবরটি জানিয়ে সিয়াম ক্যাপশনে লিখেছিলেন, ১০টি ছোট হাতের আঙুল, ১০টি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সাথে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ।
২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘ দিনের প্রেমিকা অবন্তীকে ঘরের বধূ করেন নায়ক সিয়াম আহমেদ। তিন বছর পর পরিবারে নতুন অতিথি আসার খবরও জানান তিনি।
আগামী ঈদুল ফিতরে তার ‘শান’ ছবিটি দেশ ও দেশের বাইরে মুক্তি পাচ্ছে। ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’ ছবিটি। মুক্তির অপেক্ষায় রয়েছে- অপারেশন সুন্দরবন, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, স্বপ্নবাজী, সিনেমাগুলো।
সিয়াম আহমেদ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply