২২ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ বাংলাদেশের ইতিহাসে অনন্য অর্জন হিসেবে মাইল ফলক হয়ে থাকবে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহ্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) নানা ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য এই বিশ্ব স্বীকৃতি দেয়া হয়েছে।
তিনি বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের পূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রিস্যাক্স-‘জুয়েল ইনদি ক্রাউন অব দি ডে’ হিসেবে অভিহিত করেন।
তিনি জানান, অর্থনীতিবিদ জেফ্রিস্যাক্স বিশ্বব্যাপী করোনা মহামারি চলাকালে ও এসডিজি অর্জনে শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার জন্য তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
ওবায়দুল কাদের বিশ্বপর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগসহ দেশের সব মানুষের পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
‘দেশের মানুষ ভালো নেই’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যর জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ ভালো আছে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভালো নেই। এ জন্যই বিএনপি মহাসচিব কাল্পনিক অভিযোগ করে বলছেন দেশের মানুষ ভালো নেই। আসলে দেশের মানুষ করোনার অভিঘাত মোকাবেলা করে ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে।
তিনি বলেন, ক্ষমতার মোহে অন্ধ, মিথ্যাচার আর বিষোদগারকে যারা রোজনামচায় পরিণত করেছে, তারা মানুষের ভালো থাকা পছন্দ করবে না এটাই স্বাভাবিক। নেতিবাচক রাজনীতি মানসিকতার কারণে বিএনপিই নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
করোনার অভিঘাত মোকাবেলা করে জীবন এখন স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করেছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, অন্যদিকে বিএনপি গৃহকোণে বসে নসিহত করছে। তাদের এমন আচরণ এক দিকে মানুষের এগিয়ে চলার উদ্যমকে ক্ষতিগ্রস্থ করে অপর দিকে নিজেদের হতাশাকে জাতির সামনে স্পষ্ট করছে।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply