নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এরপরও বিএনপি যদি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, তবে এ দেশের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে। আর আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রশাসনকে সহযোগিতা করবে।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুয়ায় আধুনিক পদ্ধতিতে আম চাষের বাগান পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আন্দোলন করে, সন্ত্রাস করে বিএনপি নির্বাচনকে ব্যাহত করতে চায়, বানচাল করতে চায়। বিএনপি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকেও বানচালের চেষ্টা করেছিল। বিএনপি ২০১৩-১৪ সালে ৩০০ এর বেশি মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তিনি বলেন, বিএনপি বিগত ১৫ বছর ধরেই আন্দোলন করছে। কিন্তু জনগণ সাথে নেই বলে তারা সফল হয়নি।
অচিরেই আম বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় উৎস হবে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমের রফতানি এ বছরেই অনেক বেড়েছে। আম, শাকসবজিসহ বিভিন্ন কৃষিপণ্য রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা আয় করব।
তিনি বলেন, টাটকা আমের পাশাপাশি আম প্রক্রিয়াজাত করে আমের জেলি, পাল্পসহ আম দিয়ে তৈরি বিভিন্ন খাদ্যও রফতানি করা হবে। এতেও বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। আমের জন্য সংরক্ষণাগার নির্মাণ এবং আম চাষিদের জন্য সহজ শর্তে কম সুদে ঋণের ব্যবস্থা করা হবেও বলে জানান মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক একেএম গালিভ খান, স্থানীয় আওয়ামী লীগ নেতারা ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
কৃষিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply