প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে বাড়ি ধস

১৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): প্রবল বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে দুই বাড়ি ধসে নিহত হয়েছেন অন্তত ২৫ জন। ধ্বংসস্তূপের নিছে এখনও অনেকে আটকে রয়েছে বলেও জানিয়েছে উদ্ধারকারীরা।

শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও সুরিয়া নগরে ভারি বর্ষণের ফলে এ ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

এখনও উদ্ধার কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু  জানিয়েছে, ভাসি নাকা এলাকার চেম্বুরে ভেঙে পড়া বাড়ির নিচ থেকে ১৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বিক্রোলির সুরিয়া নগর এলাকায় তিন জনের মৃতদেহ পাওয়া গেছে। আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে। ইতোমধ্যেই চুনাভাট্টি, দাদার, গাঁধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি প্রভৃতি এলাকা পানির নিচে। আরও পাঁচ দিন মুম্বাইয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ভারত/এসকেএম