নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আরও তিন বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিন বিভাগ হলো রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ। এর আগে রংপুর, বরিশাল ও সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ১৪ মার্চ পর্যন্ত সাধারণ প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স ৩২ বছর। আর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২ দশমিক ২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২ দশমিক ৮) স্নাতক বা সমমানের ডিগ্রি।
এতে আরও বলা হয়, অনলাইনে আবেদন শুরু হবে ৩০ মার্চ, যা চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। আবেদনের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২০ টাকা ফি জমা দিতে হবে।
জানা যায়, গুচ্ছভিত্তিক নিয়োগ হওয়ায় এবারই প্রথম সারা দেশে একযোগে নিয়োগ পরীক্ষা ও ফল প্রকাশ করা হবে না। মোট তিন গুচ্ছে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী মে মাসে প্রথম গুচ্ছের লিখিত পরীক্ষা দিয়ে শুরু হবে। আর ২০২৪ সালের ফেব্রুয়ারি নাগাদ সবশেষ গুচ্ছের চূড়ান্ত ফলাফল দিয়ে শেষ হবে এই প্রক্রিয়া।
ডিপিই সূত্র জানায়, এখন পর্যন্ত নিয়োগের জন্য আট বিভাগের অনুমোদিত শূন্য পদের সংখ্যা ৭ হাজার ৪৬৩। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ১ হাজার ৩৬৫ আর সবচেয়ে কম সিলেট বিভাগে ৪১১টি। এ ছাড়া বরিশালে ৮৭১, রংপুরে ৯৮৮, খুলনায় ৯৪০, ময়মনসিংহে ৫৯৯, রাজশাহীতে ১ হাজার ৫৮ এবং চট্টগ্রামে ১ হাজার ২৩১টি। তবে শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply