১৮ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। ২৬ ফুট উচ্চতার এই ভাস্কর্য নির্মাণের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার নারায়ণগঞ্জে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এম ভি ইকরাম জাহাজ পরিদর্শন শেষে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় তিনি কথা বলেন ধোলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে একটি গোষ্ঠীর বিরোধিতা নিয়েও।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যেই এ বিষয়ে কাজ শুরু করছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশের অনেক স্থানে বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভাষ্কর্য রয়েছে। এসব ভাস্কর্য আমাদের সংস্কৃতির অংশ। বর্তমান সরকার অত্যন্ত সক্ষম সরকার। কারও বিরোধিতায় ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না।
এম ভি ইকরাম সম্পর্কে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের বীরত্বের সাক্ষ্য এম ভি ইকরাম জাহাজকে আন্তর্জাতিকমানের মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপান্তর করা হবে। এজন্য উপযুক্ত স্থান নির্ধারণ এবং ডিজাইন করার জন্য কারিগরি টিম গঠন করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের প্রতিটি স্মৃতিচিহ্ন সরকার সংরক্ষণ করবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডোরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু/এসকেএম/আরএম
















Leave a Reply