বিএনপি’র ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে

১৮ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): দেশের গণতন্ত্র ধ্বংস করতে বিএনপি’র ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বনানী কবরস্থানে ‘শহীদ শেখ রাসেল দিবস’ উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, গতকাল (রোববার) রাতে রংপুরের পীরগঞ্জে জেলেপল্লীতে অগ্নিসংযোগের ঘটনা তার একটি উদাহরণ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিএনপি এমন চক্রান্তে লিপ্ত হয়েছে। এসব বিষয়ে সবসময় খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, গত ১২ বছরে দুর্গাপূজার সময় মণ্ডপে কোনও হামলার ঘটনা ঘটেনি। অথচ এবার পরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপি’র পৃষ্ঠপোষকতায় সারা দেশে তাণ্ডব চালিয়েছে।

সেতুমন্ত্রী বলেন, পীরগঞ্জের একটি জেলেপাড়ায় আগুন দিয়েছে, মন্দিরে হামলা হয়েছে। গবাদি পশু পর্যন্ত সেখানে প্রাণে রক্ষা পায়নি। এ রকম নৃশংস হত্যাযজ্ঞ তারা চালিয়ে যাচ্ছে। আগুন দিয়ে যাচ্ছে। ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেই অপপ্রচার থেকেই রংপুরের ঘটনা উদ্ভব। কাজেই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে খোঁজ-খবর নিচ্ছেন। সেখানকার প্রশাসন ও আমাদের সাথেও তিনি যোগাযোগ করেছেন। পার্টি পর্যায়েও আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে।

ওবায়দুল কাদের/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *