বিএনপির নেতিবাচক রাজনীতি দেশকে এগুতে দিচ্ছে না

১৯ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি-জামাত নেতিবাচক রাজনীতি না করলে পঞ্চাশ বছরে দেশ আরও এগিয়ে যেতো। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

রোববার সন্ধ্যায় চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের রজত জয়ন্তী এবং ২৪ ঘন্টা সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘন্টা সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি বলেন, বাংলাদেশ পঞ্চাশ বছরে আরও অনেক বেশি এগিয়ে যেতে পারত, যদি বিএনপি ও জামাত দেশে নেতিবাচক রাজনীতি না করতো। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করত।

বিএনপি মহাসচিবের মন্তব্য ‘বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে কোনও উন্নয়ন হয়নি বরং পিছনের দিকে চলে যাচ্ছে’ এ বিষয় নিয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবকে আমি জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ বলে জানতাম। কিন্তু দলকানা হতে গিয়ে তিনি এরকম বুদ্ধিহীন হয়ে গেছেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন এটা আমাকে আশ্চর্য করেছে। মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ জানাব, উনি শিক্ষিত লোক হয়ে যেন অশিক্ষিতের মত কথা না বলেন।

নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি যাবে না বলেছে- এবিষয়ে প্রশ্নের জবাবে ডক্টর হাছান  বলেন, বিএনপি’র মধ্যে একটা ‘না রোগ’ দেখা দিয়েছে। সবকিছুতেই যেন না বলা। সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না। এখন আমি আশঙ্কার মধ্যে আছি, না না বলতে বলতে বিএনপিটাই কখন নাই হয়ে যায়।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তী উপলক্ষে বক্তব্যে ডক্টর হাছান মাহমুদ বলেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র কোনও আঞ্চলিক কেন্দ্র নয়। এটা অনেকেই ভুল করেন। এটি টেরেস্ট্রিয়াল চ্যানেল, যার মাধ্যমে কেবল নেটওয়ার্ক ছাড়াও সারাদেশের ৭৫ ভাগ অংশে দেখা যায়। আর ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশেই সম্প্রচার করা হচ্ছে। আর মোবাইল এ্যাপসের মাধ্যমে বিশ্বের যেকোনও প্রান্ত থেকে এই কেন্দ্রের কার্যক্রম দেখা যায়।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *