বিএনপি নির্বাচন এলে ধর্ম ব্যবহার করে

২৫ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): বিএনপি নির্বাচন এলে ধর্মকে ব্যবহার করে কিন্তু ধর্মের জন্য কোনও কাজ করে না। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

মঙ্গলবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ পুরস্কার ২০২১ ও করোনা সচেতনতা আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সভায় সভাপতিত্ব করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি-জামাত নির্বাচন এলে ধর্মকে ব্যবহার করে, কিন্তু ধর্মের জন্য কোনও কাজ তারা করেনি। বরং তারা ধর্মীয় হানাহানি সৃষ্টির অপচেষ্টা চালায়। অপরদিকে আওয়ামী লীগ ধর্মকে ব্যবহার করে না। আমরা ইসলামের জন্য, আলেম-ওলামাদের খেদমতের জন্য কাজ করি। অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার যাতে সুনিশ্চিত হয়, তাদের ধর্মীয় স্বাধীনতা যাতে এদেশে কেউ খর্ব করতে না পারে, সেজন্য কাজ করি। তাদের ধর্মের কল্যাণের জন্যও রাষ্ট্রের পক্ষ থেকে কাজ করা হয়। কারণ, বঙ্গবন্ধুর নেতৃত্বে সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে আমরা অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ।

ডক্টর হাছান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ইসলামের জন্য যতো কাজ করেছেন, এদেশে আর কারও আমলে তা হয়নি। দেশের আলেম সমাজের শতবর্ষের পুরনো দাবি ছিল একটি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান আমলেও এই দাবি পুরণ হয় নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এটি এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তবতা।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এরশাদ সাহেব কেউই কওমী মাদ্রাসার স্বীকৃতি দেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতি দিয়েছেন। সব অপপ্রচার ঘুচিয়ে তাদেরকে চাকুরিও দিয়েছেন।

বিএনপি-জামাত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত একযোগে ক্ষমতায় ছিল, তারা এই কাজগুলো করে নাই’ উল্লেখ করেন তথ্যমন্ত্রী। বলেন, তারা ধর্ম নিয়ে রাজনীতি করেছে। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে ধর্মবিরোধী শ্লোগান দিয়ে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভোটগুলো নিজের বাক্সে নেয়ার জন্য চেষ্টা করেছে। যারা নিজের জন্য ধর্মকে ব্যবহার করেন, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *