বিএনপি সমাবেশের নামে বিশৃংখলা করলে আইনশৃংখলা বাহিনী প্রতিহত করবে

নিউজ ডেস্ক: রাজধানীতে ১০ ডিসেম্বরের সমাবেশের নামে বিএনপি কোনও বিশৃংখলা সৃষ্টি করলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না, তা প্রতিহত করবে। এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধনকালে স্বরাষট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি ১০ তারিখকে ঘিরে হুংকার দিচ্ছে। ঢাকায় গণ জমায়েত করে একদফা একদাবি দিয়ে ক্ষমতা দখল করবে, ঢাকা দখল করবে- এমনটাই তারা বলে আসেছ। ১০ তারিখের গণ জমায়েতের নামে কোনও বিশৃংখলা সৃষ্টি করলে, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের শক্তিতে চলে। আমরা সেজন্য নির্বাচনে বিশ্বাস করি। জনগণের ম্যান্ডেটকে বিশ্বাস করি। আর যারা ষড়যন্ত্রে বিশ্বাস করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় এসেছে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে।

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপাত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেয়া হবে এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গীবাদ শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আদালতপাড়া থেকে দুই জঙ্গি সদস্যকে ছিনিয়ে নেয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেয়ার জন্য এই কাজ করেছে। তাদের গ্রেফতারসহ জঙ্গীবাদ নিরসনে কাজ করে যাচ্ছে সরকার। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান (দিলীপ), নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, সংসদ সদস্য (সংরক্ষিত) তামান্না নূসরাত বুবলী, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা আওয়ামী লীগ সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা পরিষদ চেয়ারমান মনির হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠানসহ অন্যরা বক্তব্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ