১১ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বললেন, এখন তারা সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন।
শনিবার সকালে সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সাথে কারা জড়িত ছিলো? বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তখন তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে ছিল। কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সাথে জড়িত ছিল।
তিনি বলেন, জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মত বিষয়গুলো বহন করছে।
গণমাধ্যমের স্বাধীনতা নেই বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দিন-রাত তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। গণমাধ্যম স্বাধীন এবং হস্তক্ষেপ মুক্ত থেকে কাজ করছে। প্রতিদিন কাগজ, সংবাদে, টকশো’তে সরকারের সমালোচনা হচ্ছে। এ জন্য তো কোনো গণমাধ্যমে কিংবা বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি।
বিএনপি নেতাদের বিচার বিভাগ নিয়ে কথা বলা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিচার বিভাগের ওপর ন্যূনতম হস্তক্ষেপ করছে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ভাবে কাজ করছে।
আরও পড়ুন: বিএনপির কাছে ওবায়দুল কাদেরের প্রশ্ন
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপি’র কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারের রায় নিজেদের পক্ষে যেতে হবে। রায় নিজেদের পক্ষে গেলে তারা বলে, বিচার বিভাগ স্বাধীন আর বিপক্ষে গেলে বলে বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে। বিএনপি’র এ দ্বৈত-নীতি জনগণের কাছে এখন স্পষ্ট। খবর: বাসস।
ওবায়দুল কাদের/এএমএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply