নিউজ ডেস্ক: ভোটারবিহীন আমি ও ডামীর নির্বাচনের ভেতর দিয়ে এবারের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করেছে। এই সংসদের ২৯২ জন সদস্য জনগণের টাকা লুটপাট করে কোটিপতি হয়েছেন। কোটিপতিদের সংসদে তাদের স্বার্থ রক্ষায় আইন প্রণয়ন হবে। সরকার সাধারণ মানুষের নির্বাচন করার অধিকার কেড়ে নিয়েছে। জাতীয় সংসদ থেকে স্কুল কমিটি নির্বাচন সকল সংস্থাকে কোটিপতিদের ক্লাবে পরিণত করছে।
শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সূত্রাপুর থানার ১৯তম সম্মেলনের উদ্বোধন পর্বে এসব মন্তব্য করেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। সমাবেশে সভাপ্রধান ছিলেন থানা কমিটির সভাপতি আবু তাহের বকুল।
মিহির ঘোষ বলেন, এই দুঃশাসন হঠাতে হবে, ব্যবস্থা বদলাতে হবে, বিকল্প গড়তেই হবে। নয়তো জনগণের মুক্তি আসবে না। জনগণের অর্থনৈতিক মুক্তি হবে না।
মহানগর নেতা হাসিনুর রহমান রুশো বলেন, সমাজতন্ত্র ছাড়া মানুষের মুক্তি আসবে না। সেই লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে বিপ্লবী পরিবর্তন আনতে হবে।
ত্রিদিব সাহা বলেন, লুটপাটের অর্থনীতি চাই না, কোটিপতিদের ক্লাব চাই না। আমরা মানুষের মুক্তি চাই। সেইমুক্তি দিতে পারে কমিউনিস্ট পার্টি।
জাহিদ হোসেন খান বলেন, বুড়িগঙ্গা নদী আজ মৃতপ্রায়। দূষণ ও দখল চলছে। সূত্রাপুর বাজারে অবৈধ দখল হয়ে আছে জমি। এই জমি উদ্ধার করে সেখানে সরকারি হাসপাতাল নির্মাণ করে সাধারণ মানুষ যেন চিকিৎসা পায় সেই ব্যবস্থা করতে হবে।
বিকাশ সাহা বলেন, দ্রব্যমূল্যের উধ্বগতিতে জনজীবনে নাভিঃশ্বাস। সবকিছুর দাম বাড়ছে, কিন্তু মানুষের দাম কমছে। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ সবকিছুকে পণ্যে পরিণত করেছে। আমরা সংগঠিত নই বলে সাধারণ মানুষ তার অধিকার পাচ্ছে না। তাই প্রয়োজন সংগঠিত হওয়া। মুক্ত মানুষের মুক্ত সমাজ নির্মাণ করতে হবে। তাতে মানুষ বাঁচার মতো করে বাঁচতে পারবে।
অন্যান্য নেতারা বলেন, নগর জীবন নাগরিক সুবিধার পাশাপাশি মানুষকে তার অধিকার দিতে হবে। আমরা শিক্ষা শেষে কাজ চাই। বেঁচে থাকতে চাই। মশামুক্ত সূত্রাপুর চাই। আমাদের এলাকা থেকে সকল রুটে বিআরটিসি বাস চাই। গ্যাস-পানি-বিদ্যুতের দাম কমাতে হবে এবং সরবরাহ নিশ্চিত করতে হবে। সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা চাই। বাড়ীভাড়া নিয়ন্ত্রণ চাই।
থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সমীর, আনোয়ার হোসেন, হামিদুর রহমান ইকবাল, পরেশ মজুমদার ও ধণেশ চন্দ্র শীল।
সিপিবি/এমএএম/টিটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply