১০ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য সম্মান ও মাসিক ২০ হাজার টাকার সম্মানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই দিয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা, বাসগৃহ এবং চিকিৎসা সুবিধাসহ আনুষঙ্গিক বিভিন্ন প্রকার সহযোগিতা বর্তমান সরকার প্রদান করে চলেছে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।
বুধবার মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ বর্তমান সরকারের কাছে সর্বোচ্চ সম্মানের। আওয়ামী লীগ সরকার তাদের কল্যাণে ভবিষ্যতে প্রয়োজনীয় সবকিছু করবে।
জ্বালানীতেল সহ দ্রব্যমূল্যের বৃদ্ধি সাময়িক উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, ইউরোপে চলমান যুদ্ধের কারণে উন্নত দেশগুলোতে কয়েক মাস পূর্বেই দ্রব্যমূল্য দ্বিগুন, তিন গুন বৃদ্ধি পেয়েছে। সেসময় আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের ক্রয়মূল্য কয়েকগুন বাড়লেও জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী জ্বালানী তেলের দাম বৃদ্ধি করেননি। কিন্তু ক্রয়মূল্য ক্রমাগতভাবে বেশি হওয়ায় সরকার বর্তমানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস পেলে বাংলাদেশে তা সমন্বয় করা হবে। তিনি দেশের স্বার্থে এসময়টুকু জনগণকে ধৈর্য্য ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্দ সোয়েব আহমদ, উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার মোদাচ্ছির বিন আলী, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী এবং জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক এবং উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা-সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলার ১৮৫ জন জীবিত মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট এবং ২৩৬ জন মৃত মুক্তিযোদ্ধার উপযুক্ত উত্তরাধিকারীকে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও, জুড়ী উপজেলার ৭৫ জন জীবিত মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট এবং ১০৭ জন মৃত মুক্তিযোদ্ধার উপযুক্ত উত্তরাধিকারীকে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়।
শাহাব উদ্দিন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply