১৮ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): সাংবাদিকদের দেশের সাফল্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেছেন, সাংবাদিকরাই পারেন ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে জাতিকে এগিয়ে নিতে।
সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত ইফতার ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, করোনার ক্রান্তিকাল পরবর্তী সময়ে ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে যে অস্থিরতা বিরাজ করছে, সেই সুযোগ নিয়ে বাংলাদেশেও নানাভাবে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। এর মধ্যেও বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে আগের বছরের তুলনায় ২০২১ সালে দারিদ্র্য কমেছে ০ দশমিক ৬ শতাংশ। আগে দারিদ্র্য ছিল ১২ দশমিক ৫ শতাংশ। সেটি এখন ১১ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। করোনা মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান বলেন, বিশ্বের অস্থিরতার মধ্যেও বাংলাদেশ যে অকল্পনীয় প্রবৃদ্ধি অর্জন করছে এবং ক্রমাগতভাবে দারিদ্র্য হার কমছে এগুলো তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানাই। কারণ সাফল্যের চিত্র আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখায়। আর স্বপ্নহীন মানুষ যেমন এগুতে পারে না, স্বপ্নহীন জাতিও এগুতে পারে না। সরকারের সমালোচনা থাকবে, কিন্তু পাশাপাশি জাতিকে এগিয়ে নিতে সাফল্যের চিত্রও তুলে ধরতে হবে।
সংগঠনের সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, আওয়ামী লীগ উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, আবদুল জলিল ভূঁইয়া, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব অংশ নেন।
তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















