করোনা কেড়ে নিল সাংবাদিক মুনীরুজ্জামানকে

২৪ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): করোনা আক্রান্ত হয়ে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, মুক্তিযোদ্ধা খোন্দকার মুনীরুজ্জামান মারা গেছেন।

মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়ে গত ৩১ অক্টোবর রাতে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুনীরুজ্জামান। 

দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিশিষ্ট সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খোন্দকার মুনীরুজ্জামান, আমার প্রিয় মুনীর ভাই আর নেই।আজ সকালে মুগদা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।’

দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সাইফ বাবলু জানিয়েছেন, করোনা পজিটিভ হওয়ার পর মুনীরুজ্জামান মুগদা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। গতকাল হঠাৎ করে আবার তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে তিনি মারা যান। 

তবে তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনীরুজ্জামানের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন তিনি। এর আগে তিনি ছাত্র ও শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। মুক্তিযোদ্ধা খোন্দকার মুনীরুজ্জামান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর শাখার সম্পাদক ছিলেন। ১৯৯২ সালে কমিউনিস্ট পার্টির বিভক্তির সময় তিনি শহীদুল্লাহ চৌধুরী ও মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে মার্কসবাদ-লেনিনবাদী ধারার সাথে সম্পৃক্ত ছিলেন।

মুনীরুজ্জামানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

শোক/এসকেএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *