মারা গেছেন অজাতশত্রু প্রবীর মিত্র

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা অঞ্জনার শোক কাটিয়ে ওঠার আগেই চলচিত্রাঙ্গনের সবাইকে আবার কাঁদালেন অভিনেতা প্রবীর মিত্র। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

৫ জানুয়ারি রোববার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়েস হয়েছিল ৮১ বছর।

রোববার রাত সাড়ে ১০টায় ফেসবুকে মিশা সওদাগর লিখেছেন, ‘প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক।’

বার্ধক্যজনিত কারণে গেল বছরের ২২ ডিসেম্বর তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। কিছু জটিলতার কারণে আইসিইউ-তে নেয়া হয়। অবস্থার খানিকটা উন্নতি হলে কেবিনে আনা হয়। পরে আবার নিতে হয় এইচপিইউ-তে। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন, জানালেন তার ছোট ছেলে সিফাত ইসলাম।

প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্ম নেন। বেড়ে ওঠেন রাজধানীর তাঁতীবাজার ও শাঁখারিবাজার এলাকায়। চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৯ সালে, এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে মধ্যদিয়ে। সিনেমাটি মুক্তি পায় ১৯৭১ সালে। দীর্ঘদিন তিনি নায়ক হিসেবে অভিনয় করলেও ৯০-এর দশক থেকে তিনি চরিত্রাভিনেতা হিসেবে অভিনয়ের সাথে যুক্ত থাকেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি মঞ্চ ও যাত্রাপালায় নিয়মিত অভিনয় করেছেন।

বরেণ্য এই অভিনেতা ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, জালিয়াত’, ‘চরিত্রহীন’, জয় পরাজয়’, মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘বড় ভালো লোক ছিল’-সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।

প্রবীর মিত্র/এটি/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *