মার্কিন পরমাণু নিরাপত্তা সংস্থা প্রধানের পদত্যাগ

০৭ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের (এনএনএসএ) প্রধান এবং পরমাণু জ্বালানি নিরাপত্তা বিষয়ক সহকারি মন্ত্রী লিসা গর্ডন হ্যাজারটি পদত্যাগ করেছেন। শুক্রবার এক প্রেসবিজ্ঞতিতে বিষয়টি জানিয়েছে মার্কিন জ্বালানি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার লিসা গর্ডন পদত্যাগপত্র জমা দেন এবং এরপর তা কার্যকর করা হয়। খবর দ্যা হিল ও ডিফেন্স নিউজের।

ইতোমধ্যে সংস্থার উপপ্রধান উইলিয়াম বুকলেসকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। উইলিয়াম বুকলেস গত দেড় বছর ধরে এ সংস্থার উপ প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, লিসা গর্ডন এনএনএসএ’র অবকাঠামোকে আধুনিকায়ন এবং বিশ্বমানের শক্তিশালী কর্মীবাহিনী তৈরির বিষয়টি দেখভাল করেছেন। এছাড়া, তিনি এনএনএসএ’র প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ড এবং সংস্থায় কর্মরত ৫০ হাজার কর্মী বাহিনীর কাজের মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।

২০০০ সালে প্রতিষ্ঠিত এনএনএসএ হচ্ছে আধা-স্বায়ত্ত্বশাসিত সংস্থা। যা মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের আওতায় কাজ করে।

সংস্থাটি মার্কিন পরমাণু অস্ত্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে থাকে। পাশাপাশি সারা বিশ্বে পরমাণু নিরস্ত্রীকরণ বা এনপিটি বাস্তবায়নের দায়িত্বও তারাই পালন করে।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন সিনেট লিসা গর্ডন হ্যাজারটির নিয়োগ চূড়ান্ত করে। তিনিই এ সংস্থার প্রথম নারী প্রধান হিসেবে কাজ করার গৌরব অর্জন করেন।

আন্তর্জাতিক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *