৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): কক্সবাজারের উখিয়ায় মানব পাচার চক্রের ছয়জন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় শিশুসহ ৪৮ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার ভূমি অফিসের সামনে থেকে তাদের উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়ার ৬৫ বছর বয়সী ফজল আহমদ, উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজমপাড়া রাস্তার মাথার ২৮ বছর বয়সী মোহাম্মদ আলী জোহার, একই এলাকার ৩৫ বছর বয়সী ইমাম হোসেন, ১৯ বছর বয়সী মোহাম্মদ আয়াজ ও ২০ বছর বয়সী মোহাম্মদ জুবায়ের এবং পালংখালীর ভাদিতলীর ১৯ বছর বয়সী মোহাম্মদ রুবেল। এদিকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৯ শিশু, ১৭ নারী ও ২২ পুরুষ আছেন। উদ্ধার হওয়া সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে থাকেন।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় মানব পাচার চক্রের সদস্যরা ৪৮ রোহিঙ্গাকে উপজেলার ভূমি অফিসের সামনে জড়ো করেছিলেন। এ সময় তারা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের সদস্যদের আটক করে ও রোহিঙ্গাদের উদ্ধার করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোরশেদ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে মানব পাচার করে আসছিল। রোহিঙ্গা নাগরিকেরা এখন মানব পাচার চক্রের প্রধান লক্ষ্য। এ চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। মানব পাচারকারীরা মালয়েশিয়ায় বিভিন্ন জায়গায় ভালো চাকরি এবং রোহিঙ্গা নারীদের বিয়ের কথা বলে প্রতারণার ফাঁদে ফেলছেন।
সঞ্জুর মোরশেদ বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা গেছে, ট্রলারে তুলে দেয়ার আগে জনপ্রতি ১০ হাজার টাকা করে দেয়ার কথা ছিল। তবে এর আগেই পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে মানব পাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
রোহিঙ্গা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply