০৫ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পুরো ভারত। দেশটিতে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন বহু রোগী। মৃতদের সৎকারে শ্মশানেও জায়গার সংকুলান হচ্ছে না। এমন পরিস্থিতিতে রাজস্থানে এক করোনা রোগীর সৎকারে করুণ দৃশ্য দেখা গেল।
মঙ্গলবার ভারতের রাজস্থানের বারমেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর: এনডিটিভির।
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া বাবার এই করুণ মৃত্যু মেনে নিতে পারেননি মেয়ে। তাই বাবার দাহকার্য হওয়ার সময় জ্বলন্ত চিতায় ঝাঁপিয়ে পড়েন মেয়ে। প্রাণে বেঁচে গেলেও পুড়ে যায় তার শরীর।
এনডিটিভির খবরে বলা হয়, রাজস্থানের ৩৪ বছর বয়সী এক নারী বাবার চিতার আগুনে ঝাঁপ দিয়ে গুরুতর দগ্ধ হন। তার বাবা দমোদর দাশ শারদা কোভিডে আক্রান্ত হয়ে মারা যান।
সাথে সাথে চন্দ্রাকে চিতা থেকে টেনে বের করা হয়। এরপর তাকে যোধপুরের হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।
কোতোয়ালি থানার অফিসার প্রেম প্রকাশ বলেন, মেয়েটি এভাবে ঝাঁপিয়ে পড়বে তা আগে বোঝা যায়নি। তবে সাথে সাথে তাকে বের করে নেয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
করোনা ভাইরাস/এসকেএম















