২৯ মে ২০২২ (নিউজ ডেস্ক): মেক্সিকো ও আয়ারল্যান্ডে প্রথমবারের মতো মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
শনিবার দেশ দুটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া আলাদা বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর: রয়টার্স।
গতকাল মেক্সিকোর স্বাস্থ্য কর্মকর্তাদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকো সিটিতে মাঙ্কিপক্স আক্রান্ত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হুগো লোপেজ গ্যাটেল এক টুইটার পোস্টে বলেন, আক্রান্ত ব্যক্তি নিউইয়র্ক সিটির স্থায়ী বাসিন্দা। সম্ভবত তিনি নেদারল্যান্ডসে আক্রান্ত হয়েছেন।
এদিকে গতকাল আয়ারল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষও এক বিবৃতিতে দেশটিতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। বলা হয়েছে, অন্য এক ব্যক্তিকেও আক্রান্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে। তার পরীক্ষার ফল এখনও হাতে পাওয়া যায়নি।
এর আগে গত শুক্রবার আর্জেন্টিনায়ও প্রথমবারের মতো মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়। দেশটির কর্তৃপক্ষ বলেছে, আর্জেন্টিনায় দুজন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন স্পেন থেকে আর্জেন্টিনায় ফিরেছেন এবং অন্যজন স্প্যানিশ নাগরিক, যিনি বুয়েন্স এইরেস সফর করছিলেন। তবে এ দুই ব্যক্তির মধ্যে কোনও সম্পর্ক নেই।
মাঙ্কিপক্স গুটিবসন্তের সাথে সম্পর্কিত, তবে তুলনামূলকভাবে এটি অনেক কম মারাত্মক। এর প্রাথমিক উপসর্গগুলোর মধ্যে, উচ্চমাত্রায় জ্বর, লসিকাগ্রন্থি ফুলে যাওয়া ও গুটিবসন্তের মতো র্যাশ দেখা দেয়।
মাঙ্কিপক্স মোকাবেলায় সুনির্দিষ্ট কোনও চিকিৎসাপদ্ধতি আবিষ্কৃত হয়নি, তবে গুটিবসন্ত রোধে যে টিকা ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো মাঙ্কিপক্স প্রতিরোধে প্রায় ৮৫ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। ১৯৭০ সালে গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়েছিল। প্রায় ১২টি আফ্রিকান দেশে একে মহামারি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
মাঙ্কিপক্স/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply