নিউজ ডেস্ক: জীবনের পথে বহু যুদ্ধ লড়তে হয়। লক্ষ্যে অবিচল থেকে নিরন্তর সংগ্রাম ও অধ্যবসায়ই এই জীবনযুদ্ধে বিজয়ের মূল হাতিয়ার। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির শরৎকালীন পর্বের (ফল সেমিস্টার) নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষার্থীদের সংগ্রামী হতে উৎসাহিত করে ডক্টর হাছান মাহমুদ বলেন, কেউ যখন তার চিন্তায় গেঁথে নেবে যে তাকে লক্ষ্যে পৌঁছাতেই হবে, কেবল তখনই সে লক্ষ্য অর্জনে স প্রতিকূলতা অতিক্রম করতে পারবে। তিনি বলেন, বিশ্ববিখ্যাত শিল্পপতি এন্ড্রু কার্নেগি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। স্টিভ জবস বাল্যকালে প্রতি রোববার সন্ধ্যায় সাত মাইল হেঁটে মন্দিরে যেতেন একবেলা ভালো খাবারের জন্য।
মন্ত্রী হাছান মাহমুদ আরও উদাহরণ দিয়ে বলেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস দু’বার পরীক্ষায় অকৃতকার্য হয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করতে পারেননি। নেপোলিয়ন বোনাপার্ট খর্বকায় মানুষ হয়েও বিশ্বজয় করেছেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন, যখন তুমি লক্ষ্যে অটল থাকো, তখন তোমার শরীরে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি চালিত হতে থাকে তোমার স্বপ্নজয় পর্যন্ত। তাই জীবনে জয়ী হওয়ার জন্য প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি আর একাগ্র পরিশ্রম।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, অধ্যাপক ডক্টর আব্দুর রব খান, অধ্যাপক ডক্টর জাভেদ বারী, অধ্যাপক ডক্টর হাসান মাহমুদ রেজা ও ট্রাস্টি বোর্ড সদস্য ইয়াসমিন কামাল।
অনষ্ঠানে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শরীফ উদ্দীন আহমদ সম্পাদিত ‘ফিফটি ইয়ারস অব বাংলাদেশ: আ টেল অব আ মিরাকল’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। সেই সাথে ভর্তি পরীক্ষায় অধিক নম্বর পাওয়া ৫৯ জন শিক্ষার্থীর হাতে বিশেষ বৃত্তিসনদ তুলে দেন।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply