শতভাগ স্বচ্ছতার সাথে সব প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে

২৫  সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২৬ সালের জুনের মধ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হবে। প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ঢাকার এই দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

শনিবার রাজধানীর তুরাগ থানার ধউর এলাকায় এক্সপ্রেসওয়ের স্ট্যাটিকলোড টেস্টের পাইলট পাইলিং উদ্বোধনকালে তিনি সাংবাদিকের এসব তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রকল্পের লোনচুক্তি সম্পন্ন হবে। আমাদের তহবিল সংক্রান্ত কোনও সমস্যা নেই। এছাড়া বর্তমানে যে রাস্তাটি আছে, এটা যেভাবে আছে থাকুক।

অনেক মানুষ বিকল্প পথ হিসেবে এটি ব্যবহার করে। এখানে মানুষের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রাস্তা যেন ব্যবহারের উপযোগী থাকে।

এই প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তাদের উদ্দেশ্যে কাদের বলেন, আমি পরিষ্কার বলে দিতে চাই, শতভাগ স্বচ্ছতার সাথে সব প্রকল্পের নির্মাণ কাজ শেষ করা হবে। এখানে কোনও নয়-ছয় করার সুযোগ নেই।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এ প্রকল্পের মোট ব্যয় হবে ১৬ হাজার ৯০১ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৫ হাজার ৯৫১ কোটি টাকা এবং চীন সরকার (জিটুজি) দেবে ১০ হাজার ৯৪৯ কোটি টাকা।

প্রকল্প সূত্রে জানা যায়, চার লেন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ২৪ কিলোমিটার। এয়ারপোর্ট-আব্দুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত হবে এর বিস্তৃতি। এর সাথে র‌্যাম্প হবে ১০ দশমিক ৮৪ কিলোমিটার, নবীনগরে ১  দশমিক ৯১৫ কিলোমিটার,  চার লেনের ২ দশমিক ৭২ কিলোমিটার সেতু ও ১৮ কিলোমিটার ড্রেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন খান, আশুলিয়া থানা আওয়ামী লীগ আহ্বায়ক ফারুক হাসান তুহিনসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *