১৭ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর। চলচ্চিত্রে আগমনের পরে ‘শাবনূর’ হয়ে উঠেন তিনি। ১৯৯৩ সালের ‘চাঁদনী’ সিনেমায় অভিনয় করে অভিষেক হয় তার। এরপর অভিনয় করেছেন দেড় শতাধিকেরও বেশি সিনেমায়।
জনপ্রিয় এ নায়েকার জন্মদিন আজ (১৭ ডিসেম্বর)। ১৯৭৯ সালের এ দিনে যশোরের নাভারণে জন্মগ্রহন করেন তিনি।
ক্যারিয়ারে সালমান শাহ, বিয়াজ, শাকিল খান, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সাথে জুটিবদ্ধ হয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন শাবনূর। কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার এবং দশবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী।
ছেলে আইজানের উন্নত ভবিষ্যতের জন্যই অস্ট্রেলিয়ায় থাকছেন শাবনূর। সেখানে থাকলেও শাবনূরের অন্তর জুড়ে সবসময়ই বাংলাদেশ। তিনি জানান, বাংলাদেশের দর্শকদের কারণেই আমি শাবনূর হতে পেরেছি। নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছি।
ঢাকাই সিনেমায় সফলতার সাথে আড়াই দশক পার করেছেন শাবনূর। ক্যারিয়ারের মূল্যায়ন কীভাবে করবেন জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, নিজের মূল্যায়ন নিজে আর কী করব। আমার মূল্যায়ন মানুষ করবে। তবে আমি ক্যারিয়ারে কিছু ভালো কাজ করার চেষ্টা করেছি। সেগুলো দর্শকদের পছন্দ হয়েছে বলেই আজকে আমি শাবনূর।
এবারের জন্মদিন সাদামাটাভাবেই কাটবে শাবনূরের। তবে তার ভক্তদের জন্য এবার বিশেষ উপহার থাকছে বলে জানান এ অভিনেত্রী।
শাবনূর বলেন, জন্মদিন উপলক্ষে আমার ইউটিউব চ্যানেল চালু করব দর্শকদের উপহার হিসেবে। সেখানে আমার অভিনীত সিনেমাগুলো থাকবে। সিনেমার গানগুলোর নতুন করে সংগীতায়োজন করার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি বিভিন্ন তথ্য শেয়ার করব। বলতে পারেন, ভক্তদের আরও কাছাকাছি থাকার জন্যই ইউটিউব চ্যানেল চালু করেছি।
এক সাক্ষাৎকারে শাবনূর জানিয়ে ছিলেন, পাইলট হতে চেয়েছিলেন তিনি। ভাগ্যই তাকে নায়িকা বানিয়েছে। শাবনূর মনে করেন, ভালো চরিত্রে অভিনয়ের ক্ষুধা একজন অভিনেত্রীর সবসময় থাকে। অনেক চরিত্র আছে যেগুলো শাবনূরের করা হয়নি। সেগুলোতে অভিনয়ের ইচ্ছা এখনও জাগে জনপ্রিয় এ নায়িকার।
বিনোদন/এসকেএম
















Leave a Reply