শ্যুটিং সেটে আহত নুসরাত ভারুচা

বিনোদন ডেস্ক: কোনও দৃশ্য বা স্টান্ট করতে গিয়ে অনেক সময়ই তারকাদের আহত হওয়ার খবর সামনে আসে। এবার শ্যুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা।

নুসরাত ভারুচা বর্তমানে ‘ছোরি টু’ সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন। আর এ সিনেমার শ্যুটিং সেটেই দুর্ঘটনার শিকার হন তিনি।

ভারতীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ছোরি টু’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালে মুখে আঘাত পান নুসরাত। বাঁপাশের ভ্রুর কাছে কেটে গেছে। ফলে কয়েকটি সেলাই পড়েছে তাতে। আহত হওয়ার পর তাকে মুম্বাইয়ের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

এদিকে নুসরাত ভারুচার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী ইশিতা রাজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে ইশিতার হাতটি শক্ত করে ধরে রেখেছেন নুসরাত। আর ডাক্তার সেলাইয়ের সুতা কাটছেন।

‘ছোরি টু’ সিনেমা ছাড়াও একাধিক সিনেমার কাজ নুসরাতের হাতে রয়েছে। অক্ষয় কুমার, ইমরান হাশমির সাথে ‘সেলফি’ সিনেমায় দেখা যাবে তাকে।

নুসরাত ভারুচা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাম সেতু’। গত অক্টোবরে মুক্তি পায় এটি। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, সত্যদেবসহ অন্যরা। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।

নুসরাত ভারুচা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ