সন্ধ্যায় বনানীতে কাদেরের দাফন

২৬ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নেয়া হবে অভিনেতা আবদুল কাদেরের মরদেহ। সেখানে শ্রদ্ধা জানানোর পর বনানীতে দাফন করা হবে গুনি এ অভিনেতাকে।

কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি জানান, দুপুরের মধ্যেই হাসপাতাল থেকে অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজ বাসায়। সেখানে ডিওএইচএস জামে মসজিদে তার জানাজা হবে।

এরপর বিকাল ৩টার দিকে তার মরদেহ নেয়া হবে শিল্পকলা একাডেমিতে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে বাদ মাগরিব রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি। 

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের জনক।

অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য সম্প্রতি ভারতে গিয়েছিলেন এ অভিনেতা। সেখানে গিয়ে তার ক্যান্সার ধরা পড়ে। গত ২০ ডিসেম্বর ভারত থেকে দেশে ফেরেন তিনি।

শারীরিক অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় দেশে ফেরার পরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে করোনার টেস্ট করা হলে গত ২১ ডিসেম্বর তার রিপোর্ট পজিটিভ আসে। 

বিনোদন/এসকেএম