সাফারি পার্ক হবে বিশ্বমানের

১৩ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ককে বিশ্বের অন্যতম সাফারি পার্কে পরিণত করা হবে।

শনিবার কক্সবাজারের ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

পরিবেশমন্ত্রী সাফারি পার্কের অধিকতর উন্নয়ন প্রকল্পসহ (দ্বিতীয় পর্যায়) বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দিক নির্দেশনা দেন। বলেন, পার্কের সব প্রাণীর খাদ্য সরবরাহ, আবাসস্থলের সুব্যবস্থাসহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সাফারি পার্ক পরিদর্শনে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতেও যথাযথ ব্যবস্থা নিতে হবে। এসময় পর্যটকদের সাফারি পার্ক পরিদর্শনের সুবিধার্থে মিনিবাস প্রদানের আশ্বাস দেন মন্ত্রী।

এর আগে মন্ত্রী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পরিদর্শন করেন এবং সেখানকার বনরক্ষীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমীর হোসাইন চৌধুরী ও চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার উপস্থিত ছিলেন।

পরিবেশ মন্ত্রী/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *